
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ- সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় এসব কথা বলেন।
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় যোগ দিয়েই কঠোর অবস্থানের বার্তা দিলেন নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “অপরাধীর কোনো পরিচয় নেই। পুলিশ বিভাগের কেউ অপরাধে জড়ালেও পোশাক দেখে নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”
শনিবার (১৬ মে) সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআই-১ আব্দুল আলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, আনন্দ টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক হাসানুর রহমান হাসান, অর্থ সম্পাদক মো. জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সকালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসাইন মাহী, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সাংবাদিক দৈনিক সাতক্ষীরার সকাল-এর নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, সাংবাদিক কালিদাস রায় সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে জেলা পুলিশ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, “সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটি নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চভাবে কাজ করবে।”
তরুণ ও শিশুদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তারা যদি বিপথে যায়, সেটি শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্য অশনিসংকেত।”
নিজেকে সাতক্ষীরার সন্তান উল্লেখ করে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, “আমিও সাতক্ষীরার মানুষ। এখানে যতদিন দায়িত্বে থাকবো, ততদিন এই জেলার মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”