সাতক্ষীরায় ‘জুলাই ঐক্য’ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ছাত্র অধিকার পরিষদ চ্যাম্পিয়ন, জাতীয় ছাত্র শক্তি রানার্সআপ
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
১৮৯
বার পঠিত
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সাতক্ষীরায়। জুলাই–আগস্ট গণআন্দোলনের নেতৃত্বদানকারী ও ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে “জুলাই ঐক্য” শীর্ষক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ জানুয়ারি (শুক্রবার) রাত ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ ঐতিহাসিক টুর্নামেন্টের আয়োজন করা হয়। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ছাত্র অধিকার পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং জাতীয় ছাত্র শক্তি রানার্সআপ হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের আমির জাহিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলার সহ-সভাপতি ওয়েজকুরুনী, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান বুলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. আব্দুর রাজ্জাক, আপ বাংলাদেশের জেলা আহ্বায়ক আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক আরাফাত হোসেন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, মুখপাত্র মোহিনী পারভিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান, জাতীয় ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয় ছাত্র শক্তি ও জাতীয় যুব শক্তির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, “ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট একটি ঐতিহাসিক নজির। রাজনৈতিক মতভেদ থাকলেও আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই—এটাই একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার মূল ভিত্তি।”
উল্লেখ্য, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে অনুষ্ঠিত “জুলাই ঐক্য” ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ছাত্র অধিকার পরিষদ এবং রানার্সআপ হয় জাতীয় ছাত্র শক্তি।