সাতক্ষীরার কৃতি সন্তান মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এজিএস পদে বিপুল ভোটে বিজয়ী।
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
২০৫
বার পঠিত
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কৃতি সন্তান মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার এ সাফল্যে সাতক্ষীরাবাসীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
নির্বাচনে এজিএস পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের প্রার্থী আতিকুর রহমান তানজিল।
মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর (২০১৯–২০২০ শিক্ষাবর্ষ) নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়, ইতিবাচক ছাত্ররাজনীতি চর্চা এবং সহনশীল ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় তিনি নিয়মিত ভূমিকা রেখে আসছেন।
তিনি ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলন চলাকালে তার সাহসী অবস্থান, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এজিএস পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মাসুদ রানা জকসুকে আরও গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “শিক্ষার্থীদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সবার সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ছাত্র সংসদ গড়ে তুলতে আমি কাজ করে যাব।”
মাসুদ রানার এ সাফল্যে সাতক্ষীরা জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।