
আব্দুস ছামাদ, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই শাহারিয়ার খান বাদি হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে ১২ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।
এ মামলায় হাফ ডজন হত্যাচেষ্টা ও ছিনতাই মামলার আসামী কিশোর গ্যাং নেতা নাহিদ হাসানকে প্রধান করা হয়েছে। এদের মধ্যে মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (৪ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অন্যান্য আসামীরা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান, ফিরোজউদ্দিনের ছেলে মুহিদ হাসান বনি, তার ভাই জাকির হোসেন রণি, সিরাজুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম, আবুল হোসেন ওরফে বড় খোকার ছেলে ছোট ময়না, রবিউল ইসলামের ছেলে জুয়েল, হাসানের ছেলে সাগর, শাকিল চেয়ারম্যানের ছেলে সামি, জমির মুন্সির ছেলে নাঈম, নজরুল ইসলাম সরদারের ছেলে রাশিদুজ্জামান রাশেদ, মিঠুর ছেলে হুজাইফা ও মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।
ভাই হারানো সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন বলেন, আমার খালাত ভাই জাকারিয়া হতাকাণ্ডে যে মামলা করা হয়েছে তা সিসি টিভি দেখেই করা হয়েছে। এখানো নাহিদ বা কাউকে ঘটনার সঙ্গে জড়িত না থাকার কথা বলার সূযোগ নেই।
ইতোমধ্যে ফেসবুকে নাহিদকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতা।