
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর গ্রামে মাদরাসা শিক্ষক শরিফুল গাজী কে কুপিয়ে হত্যার পর হামলাকারী গণপিটুনিতে নিহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) বিকেলে শাহাপুর মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শাহাপুর মাদরাসার শিক্ষক শরিফুল গাজীকে একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে রাজু গাজী ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরই রাজু ধারালো অস্ত্র দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক শরিফুল।
শিক্ষক হত্যার পর উত্তেজিত গ্রামবাসী রাজুকে গণপিটুনি দিলে তিনিও গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, রাজু দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।