
গাজী শাহিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কালিগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আনসার, ভিডিপি ও পুলিশ প্রশাসন। পূজা মণ্ডপগুলোতে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার (১৬ই অক্টোবর, ২০২৬) সকালে কালিগঞ্জ অডিটোরিয়ামেে এক বিশেষ ব্রিফিং ও মোতায়েন সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঅফিসার ইনচার্জ মোঃ শাহীন এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী উপস্থিতিতে আয়োজিত এই ব্রিফিংয়ে উপস্থিত সদস্যদের পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের নির্দেশ দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, “পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থাকবে। স্থানীয় পূজা উদযাপন কমিটি ও পুলিশের সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপের ঝুঁকি বিবেচনা করে সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে। উপজেলার সকল পূজামণ্ডপকে ঝুঁকির মাত্রা বিচারে শ্রেণিভুক্ত করে আনসার ও ভিডিপি-র পুরুষ ও নারী সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ ও অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে প্রয়োজনীয় সদস্য সার্বক্ষণিক পাহারা নিশ্চিত করবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স গঠন ও বিশেষ মোবাইল এন্ড ইউজার টিম প্রস্তুত রাখা হয়েছে, যা পুরো উপজেলাজুড়ে সার্বিক শৃঙ্খলা রক্ষা করবে। প্রতিমা বিসর্জন পর্যন্ত নির্বিঘ্ন নিরাপত্তা বজায় রাখতে এই ব্যবস্থা কার্যকরী হবে।
ব্রিফিং শেষে সকল আনসার ও ভিডিপি সদস্যকে নির্ধারিত পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আনসার ও ভিডিপি বাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে।