
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ জুলাই সাতক্ষীরায় আসছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে খুলনা থেকে এসে তারা পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে সকাল ৯টায় পৌঁছাবে পথসভায় যোগ দেবেন। পরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে সমাবেশ করবেন।
দলের কেন্দ্রীয় নেতাদের এই সফরকে ঘিরে সাতক্ষীরায় চলছে জোর প্রস্তুতি। এনসিপি সাতক্ষীরা জেলা কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অঙ্গ সংগঠনগুলোর অংশগ্রহণে ইতোমধ্যে ১৭টি উপ-কমিটি গঠন করে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
সফরের অংশ হিসেবে কুমিরায় সংক্ষিপ্ত পথসভা শেষে নেতারা সাতক্ষীরা শহরের খুলনার রোড মোড়ে উপস্থিত হবেন। বেলা ১১টায় শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত হবে প্রধান পথসভা, যেখানে জুলাই ২০২৪ সালের আন্দোলনে আহত ও নিহত পরিবারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভা শেষে শহরের নিউ মার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় দলের সাতক্ষীরা জেলা কার্যালয় উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সাতক্ষীরা শহরের আল বারাকা শপিং সেন্টার এর পিজ্জা মিলান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরা জেলা এনসিপির নেতৃবিন্দ।
এনসিপির সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু বলেন, সাতক্ষীরায় এই প্রথম এতগুলো কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সমাবেশ হতে যাচ্ছে। আগত নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, সামান্তা সারমিন, আরিফুল ইসলাম আদীবসহ প্রায় দেড় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মেসবাহ কামাল মুন্না এবং কেন্দ্রীয় সদস্য ডা.মনিরুজ্জামান।
দলীয় নেতারা জানান, জনতার আন্দোলনে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি জনতার রাজনীতি করতে চায়। তাই মাঠে থেকে মানুষের কথা শুনতে ও তাদের সঙ্গে সংহতি জানাতেই এই সফরের আয়োজন।