
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বিশেষ অভিযানের আল্টিমেটাম দিয়েছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর বার্তা দেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান সময়ে পুলিশকে দৃশ্যমান ভূমিকা পালন করে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে। মাদকের ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধেও ছাড় না দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মাদক ব্যবসায়ী ও তাদের সমর্থকদের হুঁশিয়ার করে তিনি আরও বলেন, “যারা মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেয় কিংবা পেছনে থেকে মদদ দেয়, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
সীমান্তবর্তী জেলা হিসেবে সাতক্ষীরার অবৈধ ঘাট, চোরাচালান ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিআইজি বলেন, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন অনলাইন পেজ ও চক্রের বিরুদ্ধে পুলিশ আরও সক্রিয় হবে। সভায় সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে মাদক ও চোরাচালান সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে পুরো জেলায় এক সপ্তাহের বিশেষ অভিযান পরিচালনার সরাসরি নির্দেশ ও আল্টিমেটাম দেন খুলনা রেঞ্জের এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।
সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, মব সন্ত্রাস ও থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।