নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরা সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের শহীদ আসিফ হাসানের স্মরণে প্রতিষ্ঠিত ‘শহীদ আসিফ স্মৃতি পাঠাগার’ ছাত্র শিবির এর পক্ষ থেকে বই দিয়ে সমৃদ্ধকরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠাগারটিতে বিভিন্ন বিষয়ের নতুন বই উপহার দেওয়া হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মো. মেহেদী হাসানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল কলেজের পাঠাগার কক্ষে গিয়ে এই বইসমূহ হস্তান্তর করেন।
বই হস্তান্তরকালে শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, "জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আসিফ হাসানসহ সকল শহীদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের মেধা, দেশপ্রেম ও সাহসিকতা থেকে বর্তমান ও আগামী প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে আরও বেগবান করতে এবং শহীদ আসিফের স্মৃতিকে ক্যাম্পাসে ধরে রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই শিক্ষার্থীরা এই পাঠাগার থেকে জ্ঞান অর্জন করে দেশ গঠনে ভূমিকা রাখুক।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা। এ সময় নতুন বই পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা এবং পাঠাগারটিকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।