হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বদরুজ্জামান (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শুকুর আলী মন্ডল। তিনি ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত।
অপরজন মো. শাহাদাত হোসেন (৫৪)। তিনি সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নিবাখালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সৈয়দ আলী গাজী। তিনি আগরদাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত।
সাতক্ষীরা সদর থানার ওসি মো: মাহমুদুর রহমান এর নেতৃত্বে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চলমান মামলার আসামিদের আইনের আওতায় আনতে সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।