প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পির ওপর সশস্ত্র হামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক হাসান

দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি
রুহুল আমিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানের ওপর এক সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক হাসানুর রহমান (হাসান)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল সশস্ত্র কর্মী এই হামলা চালায়। হামলার ঘটনায় ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান গুরুতর আহত হন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এক বিবৃতিতে সাংবাদিক ও রাজনৈতিক নেতা হাসানুর রহমান হাসান বলেন, "পেশাগত দায়িত্ব পালন ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এ ধরনের সহিংস ও বর্বর হামলার তীব্র ধিক্কার জানাই। রাজনৈতিক প্রতিহিংসাবশত কোনো ব্যক্তির ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি—ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
এদিকে ছাত্রদল নেতাদের ওপর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ছাত্রনেতারা।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.