গাজী শাহিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী ও প্রশিক্ষক ইমরান খান। এ সময় ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী দায়িত্বরত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না।কালিগঞ্জ উপজেলা সকল পূজা মন্ডপের আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় বজায় রেখে সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ সময় পূজামণ্ডপে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করতে পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানানো হয়।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।