নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদ জানাতে গিয়ে মাদরাসা শিক্ষককে থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত অভিভাবক শাহজালাল রুমি বিদেশে পাড়ি জমিয়েছেন। গত শুক্রবার বহিরাগত নিয়ে টঙ্গীর আওচপাড়া এলাকায় অবস্থিত ‘ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’ ভাঙচুর, শিক্ষক নির্যাতন ও অর্থ লুটের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সোমবার (২৬ অক্টোবর) রাতে সাংবাদিকদের পাঠানো এক টেক্সট মেসেজে তিনি নিজে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
বার্তায় রুমি লেখেন, তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন না, তবে কোন দেশে রয়েছেন তা খোলাসা করেননি। গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, মূল ঘটনার সম্পূর্ণ ভিডিও প্রচার না করে একাংশ কেটে প্রকাশ করায় তাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। তবে বিচার ব্যবস্থার ওপর তার আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, সন্তানের নিরাপত্তা ও হকের প্রশ্নে দেশবাসীকে যেকোনো পরিস্থিতিতে অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে হবে।
উল্লেখ্য, সাত বছরের ওই শিশু শিক্ষার্থীকে অসদাচরণ ও চুমু দেওয়ার অপরাধে ভুক্তভোগী পরিবারের করা মামলায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক মুসলেম উদ্দিনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গত রোববার তার জামিন আবেদন আদালত নাকচ করে দেন। অন্যদিকে মাদরাসার প্রধান শিক্ষক আলমাস হোসেন বাদী হয়ে রুমিসহ ১৫ জনের বিরুদ্ধে হামলা, মারধর ও লুটপাটের পাল্টা মামলা দায়ের করেছেন।
ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।