আল আমিন ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী মহাসমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশের সার্বিক নিরাপত্তা তদারকি করছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম।
আগামী ২ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির এই নির্বাচনী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।
কর্মসূচি অনুযায়ী, এদিন সকালে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ নেবেন তারেক রহমান। পরে দুপুর আনুমানিক ২টার দিকে তিনি যশোরের মহাসমাবেশে যোগ দেবেন।
মহাসমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে যশোরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
এরই মধ্যে খুলনার অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম যশোরে পৌঁছে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে পুলিশের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় তিনি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।