
শুক্রবার (১৯ জুন ২০২৬) বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের খুলনা বিভাগীয় সভাপতি সাংবাদিক স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
চারা রোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সমাজের প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশ প্রেসক্লাব শুধু সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নের জন্যই কাজ করে না, বরং সামাজিক সচেতনতা ও পরিবেশ রক্ষায়ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বাংলাদেশ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।