বাছিয়া আলম, নিজস্ব প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে সরকারি সফরের শেষ দিনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। এ সময় বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, আর জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে।”
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বেতাগী উপজেলায় উপস্থিত হয়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
সরকারি সফরকালে তিনি উপজেলার ৩৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশ নেন। এ সময় উন্নয়ন কর্মকাণ্ড এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “আমরা কাজ করি, আর জামায়াত দ্বিতীয় বিয়ে করে। আপনারা শুধু কাজ চাইবেন, আর আগেই পাবেন।” তিনি আরও বলেন, জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর সমর্থনে চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন।
তিনি বলেন, “আমরা কাজে বিশ্বাস করি।” এ সময় উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন, পূজামণ্ডপ পরিদর্শন ও বক্তব্যের মধ্য দিয়ে বেতাগীতে তাঁর সরকারি সফর শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত হাসান খান প্রমুখ।