প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
পাটকেলঘাটায় অবৈধ মাটি উত্তোলন: এক ইটভাটায় বারবার অভিযান, প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে— জনমনে তীব্র ক্ষোভ

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন বাহাদুরপুর বাজার এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে এক ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হলেও একই এলাকার একাধিক অবৈধ ইটভাটা প্রশাসনের রহস্যজনক নীরবতায় বছরের পর বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার বাহাদুরপুর বাজার সংলগ্ন মেসার্স প্রতীক ব্রিক ফিল্ডস ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর ৪ ধারায় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন তালা উপজেলা ভূমি কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান।
তবে এই অভিযানের পরপরই এলাকায় দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, একই ইটভাটায় বারবার অভিযান চালানো হলেও পাশের একাধিক ইটভাটা প্রকাশ্যেই অবৈধভাবে কৃষি জমি ধ্বংস করে চললেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
অনেক ইটভাটার মালিক রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আশ্রয়ে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে একাধিকবার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)– রহাত খান কে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের প্রশ্ন—
আইন কি শুধু নির্দিষ্ট একটি ইটভাটার জন্য, নাকি প্রভাবশালীদের জন্য আইনের প্রয়োগ স্থগিত?
এলাকাবাসী জানান, অবৈধ মাটি উত্তোলনের ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে, পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে, অথচ দায়ীদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ না হওয়ায় অপরাধ আরও বাড়ছে।
সচেতন মহলের মতে, একপাক্ষিক ও নির্বাচনী অভিযান অবৈধ মাটি উত্তোলন বন্ধ না করে বরং তা আরও উৎসাহিত করছে। তারা অবিলম্বে তালা ও পাটকেলঘাটার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিরপেক্ষ, কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
অন্যথায় প্রশাসনের নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা আরও গভীর সংকটে রূপ নিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.