নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের অন্যতম চোরাকারবারী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্থদাতা ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতা, কৃষকলীগের ইউনিয়ন সভাপতি ফ্যাসিস্ট শেখ শাহাবাজ আলী এবং কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি, কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আল-হাসিবি চৌধুরী শুভকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় ‘কুমিরা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন: থানা ছাত্রদলের সিনিয়র সভাপতি আব্দুস সালাম, কুমিরা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাবলুর রহমান ও যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি নাজমুল হুসাইন, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ও সহ-সভাপতি আলামিন হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঠু ও সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন।
এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী আলিম হোসেন, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ শাহাবাজ আলী ও আল-হাসিবি চৌধুরী শুভ দীর্ঘদিন ধরে এলাকায় চোরাকারবার, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। তারা নিষিদ্ধ সংগঠনের অর্থদাতা হিসেবে পর্দার আড়াল থেকে এখনো অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বক্তারা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে এই দুই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
অনুসন্ধানে জানা যায়, নিজেকে অপরাধ জগত থেকে আড়াল করতে ফেসবুকে ভিন্ন ভিন্ন ছদ্মনাম (যেমন: ‘আল হাসিবি চৌধুরী শুভ’ ও ‘আরিয়ান চৌধুরী শুভ’) ব্যবহার করে আসছিল শুভ। তার সরাসরি নেতৃত্ব ও সূক্ষ্ম পরিকল্পনায় দীর্ঘদিন ধরে সাতক্ষীরার কুমিরা, ঝাউডাঙ্গা ও ত্রিশমাইলসহ বিভিন্ন এলাকায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছিল। শুভর রাজনৈতিক ছত্রছায়ায় ও ইশারায় চক্রটি গ্রামীণ জনপদের বিদ্যুতের লাইনে হানা দিয়ে কৃষকদের সেচ পাম্পের সর্বস্ব লুটে নিচ্ছিল। চুরির সিন্ডিকেটের মূল চালিকাশক্তি ও মাস্টারমাইন্ড হলো কুমিরা গ্রামের মৃত হান্নান নায়েবের ছেলে আল হাসিবি চৌধুরী শুভ।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, ছাত্র-জনতা ও কুমিরা ইউনিয়নের বিপুলসংখ্যক সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।