
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকা থেকে নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় মিজানুর রহমান (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল।
গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের জামাতা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে পশ্চিম মাটিকাটা এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সংশ্লিষ্ট সংসদ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার মিজানুর রহমানের পিতা মৃত নুরুল ইসলাম এবং মাতা মৃত সুফিয়া বেগম। তার স্থায়ী ঠিকানা বাসা নং-৪০/এইচ, পশ্চিম মাটিকাটা (হলি অ্যাপার্টমেন্ট লিমিটেড), থানা-ক্যান্টনমেন্ট, ঢাকা।
পুলিশ জানায়, ক্যান্টনমেন্ট থানার মামলা নং-১৪, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় মিজানুর রহমান ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/
৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৪২৭/
১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় দায়ের করা ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।