
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সোমবার (১২ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ জনগণের পাশে রয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেন, ডিবির ওসি মাহমুদুর রহমান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
পুলিশ সুপারের এ পরিদর্শন আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশের তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।