প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ
ছাত্রশিবিরের জাতীয় পর্যায়ে সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫-এর পুরস্কার প্রদান।
আল মামুন ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
ছাত্রশিবিরের জাতীয় পর্যায়ে সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫–এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি তার বক্তব্যে বলেন, সুশিক্ষিত, আদর্শবান ও নৈতিক নেতৃত্ব গঠনে পাঠ মূল্যায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগে উদ্বুদ্ধ করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। তারা পাঠচর্চা, আত্মগঠন ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও প্রচার সম্পাদক আজিজুর রহমান। তারা সংগঠনের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সদস্য ও সাথীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে দেশব্যাপী পাঠ মূল্যায়ন কার্যক্রমের সফলতা ও ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.